মাটির সংজ্ঞা | Definition of Soil

মাটি [Soil] বলতে সাধারণত ভূত্বকের বহিরাবরণের সূক্ষ্ম পদার্থের শিথিল কোমল স্তরকে বুঝায়। প্রকৃতপক্ষে, মাটি হল শিলাকণা বা খনিজ পদার্থ, জৈব পদার্থ, বায়ু, পানি, জীবাণু, প্রভৃতির একটি যৌগিক মিশ্রণ। ভূত্বক হল বিভিন্ন শিলাস্তরে গঠিত কঠিন শিলার আবরণ। প্রধাণত বিভিন্ন খনিজবিশিষ্ট শিলা থেকে মাটির উৎপত্তি হয়েছে। ভূত্বকের উপরিভাগের প্রায় ৫ বা ৬ মিটার গভীরতা পর্যন্ত মাটির অবস্থান।
আবার, সূর্যকিরণ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ, স্রোত প্রবাহ, প্রভৃতি প্রাকৃতিক শক্তিগুলোর প্রভাবে বিভিন্ন ভূসংস্থানের স্বতন্ত্র বিন্যাসে অজৈব পদার্থ, জৈব পদার্থ, বায়ু এবং পানির সংমিশ্রণে পৃথিবীর উপরিভাগে সর্বদা পরিবর্তনশীল কঠিন প্রাকৃতিক আবরণকে মাটি বলা হয়। মাটি সম্পর্কে বিজ্ঞানীদের সামগ্রিক মতামত প্রায় একই ধরনের। তবে মাটির সংজ্ঞা দিতে গিয়ে মৃত্তিকা বিজ্ঞানীগণের ধারণার মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে। তাই নিম্নে মাটির কয়েকটি সংজ্ঞা উল্লেখ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি বিজ্ঞান সমিতি (১৯৬৫) মাটির ২টি সংজ্ঞা দিয়েছে। এগুলো হল –১। ‘‘যে সব প্রাকৃতিক বস্তু একীভূতভাবে ক্ষয় দ্বারা নিয়ন্ত্রিত এবং সময়ের ব্যবধানে উৎস দ্রব্যের উপরে জলবায়ু ও জীবজাত দ্রব্য সমন্বিতভাবে ক্রিয়াশীল হয়ে বিভিন্ন বৈশিষ্ট্য প্রাপ্ত হয়েছে বা ভূপৃষ্ঠে অবস্থানের মাধ্যমে উদ্ভিদ ধারণ করে, তাকে মাটি বলে।” ২। ‘‘খনিজ, জৈব এবং জীব দ্রব্যের সমন্বয়ে গঠিত উদ্ভিদ বৃদ্ধিকারী ভূপৃষ্ঠের গতিশীল প্রাকৃতিক বস্তুকে মাটি বলে”।
চুর্ণবিচুর্ণ ও ক্ষয়ীভূত খনিজ এবং পচনরত জৈব দ্রব্যের মিশ্রণ হতে পার্শ্বচিত্রের আকারে সংশ্লেষিত নানাবিধ প্রাকৃতিক বস্তুসমূহ, যা ভূপৃষ্ঠকে একটি পাতলা আবরণ দ্বারা আচ্ছাদিত করেছে, এবং উদ্ভিদকে দৈহিকভাবে ধারণ এবং উপস্থিতিতে প্রয়োজনীয় পরিমাণ পানি, বায়ু ও পুষ্টি উপাদান সরবরাহ করে, তাকে মাটি বলে।
মাটি হল পৃথিবীর উপরিস্থিত ক্ষয়শীল একটি স্তর, যা শিলাকণা থেকে উৎপত্তি লাভ করে এবং খনিজ ও জৈব পদার্থের সংমিশ্রণে বিভিন্ন দৈর্ঘ্যে স্তরে স্তরে বিন্যস্ত হয়েছে।
মাটির উপরে উদ্ভিদ এবং প্রাণীর জীবিকা নির্বাহ নির্ভর করে। আমরা জানি যে, মাটি থেকে উদ্ভিদের উদ্ভব এবং বিকাশ সাধন হয়। মাটি মধ্যস্থিত বিভিন্ন পদার্থের উপরে উদ্ভিদের জন্ম এবং বৃদ্ধি বহুলাংশে নির্ভর করে। উদ্ভিদের প্রধান খাদ্য ভাণ্ডার এবং পানির উৎসস্থল হল মাটি। মাটির প্রকৃতি ও গঠনের উপরে ভূপৃষ্ঠের তাপমাত্রার প্রতিক্রিয়া এবং চাষাবাদের সম্ভাবনা প্রধাণত নির্ভর করে। মাটির মধ্যে এবং উপরে জীব জগতের বিভিন্ন প্রাণীর কাজ সাধিত হয়। মাটি মধ্যের জীবসমূহের অনেকে উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য এবং সার উৎপাদন করে। মাটির জীবসমূহের অনেকে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটির মধ্যে সংরক্ষণে সহায়তা করে। আবার এ জীবসমূহের অনেকে মাটির অভ্যন্তরের উদ্ভিদের খাদ্য নষ্ট করে। [মো: শাহীন আলম]Follow Us on Our YouTube channel: GEONATCUL