বর্ণনা স্কেল ও প্রতিভূ অনুপাত: সংজ্ঞা, পার্থক্য ও উদাহরণসহ ব্যাখ্যা

মানচিত্র ভূগোলের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পৃথিবীর বিস্তৃত ভৌগোলিক অঞ্চলকে ছোট একটি কাগজে সঠিকভাবে উপস্থাপন করতে মানচিত্রে একটি নির্দিষ্ট অনুপাত ব্যবহার করা হয়, যাকে মানচিত্রের স্কেল বলা হয়। মানচিত্রে সাধারণত স্কেল প্রকাশের বিভিন্ন পদ্ধতি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বর্ণনা স্কেল (statement scale) এবং প্রতিভূ অনুপাত (representative fraction বা R.F.)।
বর্ণনা স্কেলের (statement scale) সংজ্ঞা
মানচিত্রে দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব এবং বাস্তব পৃথিবীতে সেই দুই স্থানের প্রকৃত দূরত্বকে কথার মাধ্যমে প্রকাশ করাকে বর্ণনা স্কেল বলে।
উদাহরণ
১ ইঞ্চি = ১,০০০ মাইল
২ সে.মি. = ১ কিলোমিটার
অর্থাৎ মানচিত্রের নির্দিষ্ট দৈর্ঘ্য বাস্তব পৃথিবীতে কত দূরত্ব নির্দেশ করে তা বাক্যের মাধ্যমে প্রকাশ করা হয়।
প্রতিভূ অনুপাতের (representative fraction বা R.F.) সংজ্ঞা
মানচিত্রে প্রদর্শিত দূরত্ব এবং বাস্তব দূরত্বের অনুপাতকে ভগ্নাংশ বা অনুপাত আকারে প্রকাশ করাকে প্রতিভূ অনুপাত (representative rraction বা R.F.) বলা হয়।
উদাহরণ
1 : 50,000
1 : 100,000
এখানে উভয় অংশ একই এককে প্রকাশ করা হয়।
বর্ণনা স্কেল ও প্রতিভূ অনুপাতের পার্থক্য
| বর্ণনা স্কেল | পার্থক্যের বিষয় | প্রতিভূ অনুপাত |
|---|---|---|
| মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্ব কথার মাধ্যমে প্রকাশ করা হয় | সংজ্ঞা | মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্ব ভগ্নাংশ বা অনুপাত আকারে প্রকাশ করা হয় |
| বাক্য বা কথার মাধ্যমে প্রকাশ করা হয় | প্রকাশ পদ্ধতি | অনুপাত বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় |
| প্রথম ও দ্বিতীয় অংশ ভিন্ন এককে হতে পারে | একক | উভয় অংশ একই এককে প্রকাশ করতে হয় |
| বিভিন্ন দেশের পরিমাপ পদ্ধতিতে পরিবর্তন প্রয়োজন | পদ্ধতি | সব দেশে একইভাবে ব্যবহার করা যায় |
| ব্যবহার তুলনামূলক কম | ব্যবহার | আন্তর্জাতিকভাবে বেশি ব্যবহৃত |
বর্ণনা স্কেল থেকে প্রতিভূ অনুপাত নির্ণয়
উদাহরণ – ১:
বর্ণনা স্কেল:
১ ইঞ্চি = ৬ মাইল
এখন, ১ ইঞ্চি = ৬ মাইল = (৬ × ৬৩,৩৬০) ইঞ্চি [যেহেতু ১ মাইল = ৬৩,৩৬০ ইঞ্চি]
১ ইঞ্চি = ৩৮০,১৬০ ইঞ্চি
অতএব, R.F = ১ : ৩৮০,১৬০
উদাহরণ – ২:
বর্ণনা স্কেল:
৫ ইঞ্চি = ১ মাইল
এখন, ৫ ইঞ্চি = ৬৩,৩৬০ ইঞ্চি [যেহেতু ১ মাইল = ৬৩,৩৬০ ইঞ্চি]
১ ইঞ্চি = ৬৩,৩৬০ ÷ ৫ = ১২,৬৭২ ইঞ্চি
অতএব, R.F = ১ : ১২,৬৭২
উদাহরণ – ৩:
বর্ণনা স্কেল:
১ সে.মি. = ১ কিলোমিটার
এখন, ১ সে.মি. = ১,০০,০০০ সে.মি. [যেহেতু ১ কিলোমিটার = ১,০০,০০০ সে.মি.]
অতএব, R.F = ১ : ১,০০,০০০
উদাহরণ – ৪:
বর্ণনা স্কেল:
৪ সে.মি. = ১ কিলোমিটার
এখন, ৪ সে.মি. = ১,০০,০০০ সে.মি. [যেহেতু ১ কিলোমিটার = ১,০০,০০০ সে.মি.]
১ সে.মি. = ১,০০,০০০ ÷ ৪ = ২৫,০০০
অতএব, R.F = ১ : ২৫,০০০
প্রতিভূ অনুপাত (R.F) থেকে বর্ণনা স্কেল নির্ণয়
উদাহরণ – ১: ধরা যাক R.F = ১ : ৬৩,৩৬০। আমরা জানি ১ মাইল = ৬৩,৩৬০ ইঞ্চি। তাই যদি মানচিত্রে ১ ইঞ্চি দূরত্ব থাকে, তবে বাস্তবে সেই দূরত্ব হবে ৬৩,৩৬০ ইঞ্চি অর্থাৎ ১ মাইল। সুতরাং এক্ষেত্রে বর্ণনা স্কেল হবে: মানচিত্রে ১ ইঞ্চি = ভূমিতে ১ মাইল।
উদাহরণ – ২: ধরা যাক R.F = ১ : ৫,০০০। অর্থাৎ মানচিত্রের ১ সেন্টিমিটার বাস্তবে ৫,০০০ সেন্টিমিটারকে নির্দেশ করে। এখন আমরা জানি ১০০ সেন্টিমিটার = ১ মিটার। তাই ৫,০০০ সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করলে পাওয়া যায় ৫০ মিটার। ফলে বর্ণনা স্কেল দাঁড়ায়: মানচিত্রে ১ সে.মি. (সেন্টিমিটার) = বাস্তবে ৫০ মিটার।
উদাহরণ – ৩: ধরা যাক R.F = ১ : ৮,০০০,০০০। অর্থাৎ মানচিত্রের ১ সেন্টিমিটার বাস্তবে ৮,০০০,০০০ সেন্টিমিটার। আমরা জানি ১ কিলোমিটার = ১,০০,০০০ সেন্টিমিটার। তাই ৮,০০০,০০০ সেন্টিমিটারকে কিলোমিটারে রূপান্তর করলে পাওয়া যায় ৮০ কিলোমিটার। সুতরাং এক্ষেত্রে বর্ণনা স্কেল হবে: মানচিত্রে ১ সে.মি. (সেন্টিমিটার) = বাস্তবে ৮০ কিলোমিটার।
মানচিত্রের স্কেল বোঝার জন্য বর্ণনা স্কেল ও প্রতিভূ অনুপাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ণনা স্কেলে দূরত্ব সহজ ভাষায় বুঝানো হয়, আর প্রতিভূ অনুপাত বৈজ্ঞানিক ও সার্বজনীন পদ্ধতিতে প্রকাশ করা হয়। তাই মানচিত্রবিদ্যা ও ভূগোল অধ্যয়নে এ দুই ধরনের স্কেল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন।
Frequently Asked Questions (FAQ)
প্রশ্ন ১: বর্ণনা স্কেল কী?
উত্তর: মানচিত্রে প্রদর্শিত দূরত্ব এবং বাস্তব দূরত্বকে কথার মাধ্যমে প্রকাশ করাকে বর্ণনা স্কেল বলা হয়। যেমন ১ ইঞ্চি = ১ মাইল।
প্রশ্ন ২: প্রতিভূ অনুপাত (R.F.) কী?
উত্তর: মানচিত্রের দূরত্ব এবং বাস্তব দূরত্বের অনুপাতকে ভগ্নাংশ বা অনুপাত আকারে প্রকাশ করাকে প্রতিভূ অনুপাত (R.F.) বলা হয়। যেমন 1:50,000।
প্রশ্ন ৩: বর্ণনা স্কেল থেকে প্রতিভূ অনুপাত কীভাবে বের করা হয়?
উত্তর: প্রথমে বাস্তব দূরত্বকে মানচিত্রের দূরত্বের একই এককে রূপান্তর করতে হয়, এরপর অনুপাত আকারে প্রকাশ করলে প্রতিভূ অনুপাত পাওয়া যায়।
প্রশ্ন ৪: প্রতিভূ অনুপাত (R.F.) থেকে বর্ণনা স্কেল কীভাবে বের করা হয়?
প্রথমে R.F এর উভয় পাশ একই এককে ধরা হয়। তারপর বাস্তব দূরত্বকে প্রয়োজন অনুযায়ী বড় এককে (মিটার, কিলোমিটার বা মাইল) রূপান্তর করা হয়। শেষে তা বাক্যের মাধ্যমে প্রকাশ করা হয়, যেমন: মানচিত্রে ১ সে.মি. = বাস্তবে কত দূরত্ব।
📚 তথ্যসূত্র
১. Certificate Physical and Human Geography, Goh Cheng Leong —Oxford University Press.
২. Practical Geography, R. L. Singh এবং Dutt P. K.।
৩. Elements of Practical Geography, R. L. Singh।
৪. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ভূগোল ও পরিবেশ পাঠ্যপুস্তক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB), ঢাকা, বাংলাদেশ।
৫. ফলিত ও ব্যবহারিক ভূগোল, আবদুল রউফ, কাজী এবং আবুল মাহমুদ, কাজী, সুজনেষু প্রকাশনী, ঢাকা, বাংলাদেশ।
✍️ লেখক: মো. শাহীন আলম
Follow Us on Our YouTube channel: GEONATCUL