মানচিত্রের স্কেল: সংজ্ঞা, প্রকারভেদ ও ব্যবহার

মানচিত্রের স্কেল, মানচিত্রের স্কেল কী, map scale, representative fraction, graphic scale, statement scale, মানচিত্র স্কেলের ব্যবহার

ভূগোল শিক্ষায় কিংবা মানচিত্রবিদ্যায় (cartography) মানচিত্র একটি গুরুত্বপূর্ণ উপাদান। পৃথিবীর বিশাল ভৌগোলিক অঞ্চলকে ছোট একটি কাগজে সঠিকভাবে উপস্থাপন করতে হলে একটি নির্দিষ্ট অনুপাত ব্যবহার করতে হয়। এ অনুপাতকেই বলা হয় মানচিত্রের স্কেল। মানচিত্রের স্কেল ব্যবহার করে আমরা মানচিত্রে দেখানো দূরত্ব থেকে বাস্তব পৃথিবীর প্রকৃত দূরত্ব নির্ণয় করতে পারি। এ প্রবন্ধে মানচিত্রের স্কেলের সংজ্ঞা, প্রয়োজনীয়তা, স্কেল প্রদর্শনের পদ্ধতি এবং এর ব্যবহার সম্পর্কে আলোচনা করা হলো।

মানচিত্রের স্কেলের সংজ্ঞা

মানচিত্রের স্কেল হলো মানচিত্রে প্রদর্শিত দূরত্ব এবং পৃথিবীর প্রকৃত দূরত্বের মধ্যে নির্দিষ্ট অনুপাত। পৃথিবীর প্রকৃত আকার অত্যন্ত বড় হওয়ায় সেটিকে হুবহু কাগজে অঙ্কন করা সম্ভব নয়। তাই বাস্তব দূরত্বকে একটি নির্দিষ্ট অনুপাতে ছোট করে মানচিত্রে দেখানো হয়। এ অনুপাতই স্কেল। উদাহরণস্বরূপ, যদি কোনো মানচিত্রে ১ ইঞ্চি দ্বারা ৫ মাইল বোঝানো হয়, তাহলে মানচিত্রে দুই স্থানের মধ্যে ১ ইঞ্চি দূরত্ব বাস্তবে ৫ মাইল দূরত্ব নির্দেশ করে।

মানচিত্রে স্কেলের প্রয়োজনীয়তা

মানচিত্রে স্কেল ব্যবহার করার গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ রয়েছে —

১. মানচিত্রে দুই স্থানের প্রকৃত দূরত্ব নির্ণয় করা যায়;
২. ভূমির আকার ও আয়তন পরিমাপ করতে সাহায্য করে;
৩. মানচিত্র অঙ্কন ও ব্যাখ্যার ক্ষেত্রে স্কেল অপরিহার্য;
৪. রাস্তা, নদী বা রেলপথের দৈর্ঘ্য নির্ধারণ করা যায়; এবং
৫. মানচিত্র ছোট বা বড় করে প্রকাশ করার সময় সঠিক অনুপাত বজায় রাখতে সাহায্য করে।

মানচিত্রের স্কেল নির্দেশ করার পদ্ধতি

মানচিত্রে স্কেল সাধারণত তিনটি পদ্ধতিতে প্রকাশ করা হয়।

১. বর্ণনার সাহায্যে স্কেল (Statement Scale)

এ পদ্ধতিতে শব্দ ব্যবহার করে স্কেল প্রকাশ করা হয়। যেমন –

১ ইঞ্চি = ১ মাইল

১ সেন্টিমিটার = ১০ কিলোমিটার

এটি সবচেয়ে সহজ পদ্ধতি, কারণ সাধারণ মানুষ সহজেই এটি বুঝতে পারে। তবে বিভিন্ন দেশে বিভিন্ন একক ব্যবহারের কারণে কখনও কখনও বিভ্রান্তি তৈরি হতে পারে।

২. রেখাচিত্র অঙ্কনের সাহায্যে স্কেল (Graphic Scale)

এ পদ্ধতিতে একটি রেখা বা বার আকারে স্কেল দেখানো হয়। রেখাটিকে সমান কয়েকটি ভাগে বিভক্ত করা হয় এবং প্রতিটি অংশ বাস্তব দূরত্ব নির্দেশ করে। উদাহরণস্বরূপ,

যদি একটি রেখা ৪ ইঞ্চি দীর্ঘ হয় এবং তা ২০০০ মাইল নির্দেশ করে, তাহলে রেখার প্রতিটি ভাগ নির্দিষ্ট দূরত্ব বোঝাবে।

এ পদ্ধতির সুবিধা হলো—
মানচিত্র বড় বা ছোট করলেও স্কেল একই অনুপাতে পরিবর্তিত হয়, ফলে দূরত্ব নির্ণয়ে সমস্যা হয় না।

৩. প্রতিনিধি ভগ্নাংশ বা সংখ্যাগত স্কেল (Representative Fraction – RF)

এ পদ্ধতিতে মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বকে একটি ভগ্নাংশ বা অনুপাত আকারে প্রকাশ করা হয়।

সূত্রঃ

R.F. = মানচিত্রের দূরত্ব / প্রকৃত দূরত্ব

উদাহরণঃ
১ : ৬০,৩৬০

এর অর্থ মানচিত্রে ১ একক দূরত্ব বাস্তবে ৬০,৩৬০ একই একক দূরত্বের সমান।

এ পদ্ধতিতে কোনো নির্দিষ্ট একক ব্যবহার করা হয় না, ফলে এটি আন্তর্জাতিকভাবে সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি।

মানচিত্রের স্কেলের ব্যবহার

মানচিত্রের স্কেল বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন—

  • দুই স্থানের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়;
  • ভূমির আয়তন বা ক্ষেত্রফল নির্ধারণ;
  • রাস্তা, নদী বা রেলপথের দৈর্ঘ্য নির্ণয়;
  • পরিকল্পনা ও গবেষণার কাজে; এবং
  • ভূগোল শিক্ষা ও মানচিত্র বিশ্লেষণে।

মানচিত্রের স্কেলের সুবিধা

মানচিত্রে স্কেল ব্যবহারের কয়েকটি সুবিধা হলো—

১. দূরত্ব সহজে নির্ণয় করা যায়;
২. মানচিত্র বোঝা সহজ হয়;
৩. বৈজ্ঞানিকভাবে স্থান ও দূরত্ব বিশ্লেষণ করা যায়; এবং
৪. আন্তর্জাতিকভাবে একই পদ্ধতিতে মানচিত্র ব্যবহার করা সম্ভব হয়।

মানচিত্রের স্কেলের অসুবিধা

তবে কিছু সীমাবদ্ধতাও রয়েছে—

১. বিভিন্ন দেশে ভিন্ন একক ব্যবহারের কারণে বিভ্রান্তি হতে পারে; এববং
২. সাধারণ মানুষের জন্য সংখ্যাগত স্কেল (RF) বোঝা কিছুটা কঠিন হতে পারে।

অতএব, মানচিত্রের স্কেল ভূগোলের একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ ধারণা। এটি ছাড়া মানচিত্রের মাধ্যমে প্রকৃত দূরত্ব বা ভৌগোলিক তথ্য সঠিকভাবে বোঝা সম্ভব নয়। তাই মানচিত্র অধ্যয়ন, গবেষণা কিংবা ভ্রমণ পরিকল্পনা — সব ক্ষেত্রেই স্কেলের সঠিক ব্যবহার অত্যন্ত প্রয়োজনীয়।


📚 তথ্যসূত্র
১. Certificate Physical and Human Geography, Goh Cheng Leong —Oxford University Press.
২. Practical Geography, R. L. Singh এবং Dutt P. K.।
৩. Elements of Practical Geography, R. L. Singh।
৪. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ভূগোল ও পরিবেশ পাঠ্যপুস্তক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB), ঢাকা, বাংলাদেশ।
৫. ফলিত ও ব্যবহারিক ভূগোল, আবদুল রউফ, কাজী এবং আবুল মাহমুদ, কাজী, সুজনেষু প্রকাশনী, ঢাকা, বাংলাদেশ।


✍️ লেখক: মো. শাহীন আলম


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply