নীল নদের তীরে গড়ে উঠা মিশরীয় সভ্যতার বিস্ময়কর ইতিহাস

প্রাচীন বিশ্বের অন্যতম বিস্ময়কর ও প্রভাবশালী সভ্যতা হলো প্রাচীন মিশরীয় সভ্যতা। আফ্রিকার উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত বর্তমান মিশরে এ সভ্যতার বিকাশ ঘটে। প্রায় ৫০০০ পূর্বাব্দে (BCE) নীল নদের তীরবর্তী এলাকায় মানুষের বসতি গড়ে উঠে এবং ধীরে ধীরে একটি সুসংগঠিত সমাজের জন্ম হয়। পরবর্তীতে ৩২০০ পূর্বাব্দে (BCE) রাজা নারমার বা মেনেস উত্তর ও দক্ষিণ মিশরকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যা মিশরের ইতিহাসে নতুন যুগের সূচনা করে।
মিশরের ভৌগোলিক অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সংযোগস্থলে অবস্থান করায় বাণিজ্য ও যোগাযোগের জন্য এটি ছিল আদর্শ কেন্দ্র। নীল নদ এ সভ্যতার প্রাণ হিসেবে কাজ করেছে। প্রতিবছর নদীর বন্যার ফলে জমিতে উর্বর পলি জমা হতো, যা কৃষিকাজকে সহজ ও সমৃদ্ধ করে তুলতো। এ কারণেই ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে “নীল নদের দান” বলে অভিহিত করেছিলেন।
মিশরীয় সমাজ ছিল সুসংগঠিত ও শ্রেণিভিত্তিক। সমাজের শীর্ষে ছিলেন ফারাও, যিনি শুধু শাসকই নন, দেবতার প্রতিনিধি হিসেবেও বিবেচিত হতেন। তার নিচে ছিল পুরোহিত, অভিজাত, লিপিকার, ব্যবসায়ী, শিল্পী এবং কৃষক শ্রেণি। অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর হলেও বাণিজ্যেও তারা ছিল অগ্রগামী। গম, যব, তুলা ও লিনেন কাপড়সহ নানা পণ্য বিদেশে রপ্তানি করা হতো।
ধর্মীয় বিশ্বাস মিশরীয় জীবনের কেন্দ্রবিন্দু ছিল। তারা বহু দেবদেবীর উপাসনা করতো, যেমন সূর্যদেব ‘রা’ বা ‘রে’ এবং মৃতের দেবতা ‘ওসিরিস’। পরকাল সম্পর্কে তাদের দৃঢ় বিশ্বাস ছিল, যার ফলে মৃতদেহ সংরক্ষণের জন্য মমি তৈরি করা হতো। ফারাওদের সমাধি হিসেবে নির্মিত পিরামিড আজও বিশ্বের বিস্ময় হিসেবে বিবেচিত।
শিল্প ও স্থাপত্যে মিশরীয়দের অবদান অসাধারণ। মন্দির, সমাধি ও প্রাসাদের দেয়ালে আঁকা চিত্রকলা তাদের দৈনন্দিন জীবন, ধর্মীয় আচার এবং সামাজিক কাঠামোর চিত্র তুলে ধরে। ভাস্কর্য শিল্পেও তারা অসামান্য দক্ষতা দেখিয়েছিল। গিজার স্ফিংক্স এবং বিশাল পিরামিডসমূহ তাদের স্থাপত্যশৈলীর উজ্জ্বল উদাহরণ।
লিখনপদ্ধতির ক্ষেত্রেও মিশরীয়রা অগ্রণী ভূমিকা পালন করে। তারা ‘হায়ারোগ্লিফিক’ নামে একটি চিত্রভিত্তিক লিপি উদ্ভাবন করে এবং প্যাপিরাস নামক কাগজে লিখন পদ্ধতি চালু করে। পরবর্তীতে এ উদ্ভাবন বিশ্ব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
বিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রেও তাদের অবদান উল্লেখযোগ্য। তারা গণিত, জ্যামিতি এবং জ্যোতির্বিজ্ঞানে দক্ষতা অর্জন করেছিল। ৩৬৫ দিনের সৌর বছর নির্ধারণ এবং সূর্যঘড়ি ও জলঘড়ির মতো সময় নির্ধারণের যন্ত্র উদ্ভাবন তাদের কৃতিত্বের অংশ। চিকিৎসাশাস্ত্রে তারা অস্ত্রোপচার, রোগ নির্ণয় এবং হাড় জোড়া লাগানোর মতো জ্ঞান অর্জন করেছিল।
সব মিলিয়ে, প্রাচীন মিশরীয় সভ্যতা মানব ইতিহাসে এক অনন্য অধ্যায়, যা ধর্ম, বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে আজও বিশ্বকে প্রভাবিত করে চলেছে।
📚 তথ্যসূত্র
১. Kemp, B. J. (2006), Ancient Egypt: Anatomy of a civilization (2nd ed.), London: Routledge.
২. Wilkinson, T. (2010), The rise and fall of ancient Egypt, London: Bloomsbury.
৩. Van De Mieroop, M. (2010), A history of ancient Egypt. Malden, MA: Wiley-Blackwell.
৪. Encyclopaedia Britannica. (n.d.), Ancient Egypt, Chicago: Encyclopaedia Britannica Inc.
৫. National Geographic Society. (n.d.), Ancient Egypt, Washington, DC.
৬. বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা (৯ম-১০ম শ্রেণি), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB), (২০১৬), ঢাকা।
✍️ লেখক : মো. শাহীন আলম
Follow Us on Our YouTube channel : GEONATCUL