মির্জাপুর ইমামবাড়া: পঞ্চগড়ের শিয়া ঐতিহ্যের এক নীরব সাক্ষী

বাংলাদেশের উত্তর প্রান্তে পঞ্চগড় জেলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, তার ঐতিহাসিক স্থাপনার জন্যও পরিচিত। জেলার আটোয়ারী উপজেলায়, মির্জাপুর ইউনিয়নের শান্ত গ্রামীণ পরিবেশে দাঁড়িয়ে আছে মির্জাপুর ইমামবাড়া — যা আটোয়ারী ইমামবাড়া নামেও পরিচিত। শতাব্দী পেরিয়ে আজও এটি বাংলাদেশের ইসলামি স্থাপত্য ও শিয়া সংস্কৃতির এক অমূল্য নিদর্শন হয়ে টিকে আছে।
ইমামবাড়ার পাশেই রয়েছে ঐতিহাসিক মির্জাপুর শাহী মসজিদ। দুটি স্থাপনা মিলে এ এলাকাটিকে ইতিহাস ও ঐতিহ্যের একটি অনন্য কেন্দ্রে পরিণত করেছে। উত্তরবঙ্গ ভ্রমণে আসা পর্যটক ও ইতিহাস অনুরাগীরা তাই এ স্থানটিকে তাদের গন্তব্যের তালিকায় রাখেন।
স্থাপত্যের দিক থেকে ইমামবাড়াটি বিশেষভাবে উল্লেখযোগ্য। আয়তাকার নকশায় গড়া স্থাপনাটির কেন্দ্রে রয়েছে একটি প্রশস্ত প্রধান কক্ষ। চারপাশে বারান্দা ও খিলানযুক্ত স্তম্ভ স্থাপনাটিকে দিয়েছে এক সুষম নান্দনিক রূপ। লাল পোড়ামাটির ইটে নির্মিত এ স্থাপনায় মুঘল ও বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলীর স্পষ্ট মিশ্রণ চোখে পড়ে। শীর্ষে একক গম্বুজ পুরো কাঠামোটিকে দিয়েছে এক গাম্ভীর্যপূর্ণ সৌন্দর্য।
একসময় এ ইমামবাড়া ছিল শিয়া সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক জীবনের প্রাণকেন্দ্র। মহররম ও আশুরার সময় এখানে শোকসভা, তাজিয়া মিছিল এবং নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হতো। ইমাম হোসেন (আ.)-এর স্মৃতিতে পবিত্র এ স্থানটি কেবল উপাসনার জায়গা ছিল না, ছিল মানুষে মানুষে মিলনের এক আন্তরিক ভূমি।
কিন্তু কালের স্রোতে সেই প্রাণচাঞ্চল্য আজ অনেকটাই স্তিমিত। নিয়মিত ব্যবহার বন্ধ হয়ে যাওয়ায় ইমামবাড়াটি এখন প্রায় পরিত্যক্ত। তবুও এর ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব এতটুকু কমেনি।
সরকার ঘোষিত সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নসম্পদ। সঠিক পরিকল্পনা ও যত্নের মাধ্যমে রক্ষা করা গেলে আনুমানিক ১৮-১৯ শতাব্দীর পুরাকীর্তি মির্জাপুর ইমামবাড়া কেবল অতীতের স্মৃতি নয়, ভবিষ্যতের জন্যও একটি জীবন্ত ঐতিহ্যের আলোকবর্তিকা ও দেশের গুরুত্বপূর্ণ পর্যটন স্থান হয়ে উঠতে পারে।
✍️ লেখক : মো. শাহীন আলম
Follow Us on Our YouTube channel : GEONATCUL