নব্যপ্রস্তর যুগ: বাংলাদেশের লালমাই-ময়নামতি পাহাড়ের প্রাগৈতিহাসিক নিদর্শন

মানবসভ্যতার ইতিহাসে প্রস্তর যুগ সুদীর্ঘ এক অধ্যায়। এর শেষ পর্যায়কে বলা হয় নব্যপ্রস্তর যুগ বা নবপোলীয় যুগ (Neolithic Age)। এ যুগে মানুষ খাদ্য সংগ্রহের জীবন থেকে ধীরে ধীরে খাদ্য উৎপাদন, পশুপালন ও স্থায়ী বসতির দিকে এগোয়। ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকগণ এ পরিবর্তনকে “নব্যপ্রস্তর বিপ্লব” বলেন।
বাংলাদেশের প্রাগৈতিহাসিক ইতিহাস অনুসন্ধানে কুমিল্লার লালমাই-ময়নামতি অঞ্চল বিশেষ গুরুত্বপূর্ণ। এ অঞ্চল সাধারণত বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের জন্য পরিচিত। কিন্তু সেই যুগেরও বহু আগের মানুষের ব্যবহৃত হাতিয়ারও এখানে পাওয়া গেছে (?)।
নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য
এ যুগে পাথরের হাতিয়ার তৈরির কৌশল উন্নত হয়। আগের মতো শুধু পাথর ভেঙে বা ছেঁটে নয়, ঘষে মসৃণ ও ধারালো করে কুঠার, বাটালি ও ছুরির মতো হাতিয়ার বানানো হতো। শস্য পেষার জন্য হামানদিস্তা এবং রান্না ও সংরক্ষণের জন্য মাটির পাত্রের ব্যবহারও বাড়ে। সবচেয়ে বড় পরিবর্তন ছিল গম, যব ও ডাল জাতীয় শস্যের চাষ এবং ভেড়া, ছাগল ও গবাদি পশুর পালন। এর ফলে মানুষ এক জায়গায় থিতু হয়। গ্রাম গড়ে ওঠে, জনসংখ্যা বাড়ে এবং সমাজ ক্রমে জটিল হয়। তবে এ রূপান্তর আকস্মিক ছিল না। শিকারি-সংগ্রাহক জীবন থেকে কৃষিনির্ভর সমাজে পৌঁছাতে বহু হাজার বছর লেগেছে।
বিশ্বে নব্যপ্রস্তর সংস্কৃতির সূচনা
মধ্যপ্রাচ্যের লেভ্যান্ট অঞ্চল নব্যপ্রস্তর সংস্কৃতির প্রাচীনতম কেন্দ্রগুলোর একটি। প্রচলিত কালপঞ্জি (ASPRO) অনুযায়ী, এখানে এ যুগের শুরু আনুমানিক ১০,২০০ পূর্বাব্দে (BCE)। নাতুফীয় সংস্কৃতির মানুষ বুনো শস্যের ওপর নির্ভরশীল ছিল, আর সেখান থেকেই ক্রমে কৃষির উদ্ভব হয়। গবেষণা অনুযায়ী, গৃহ আঙ্গিনায় বা মাঠের জমিতে শস্য ও ডালের পূর্ণাঙ্গ কৃষি লেভ্যান্টে প্রতিষ্ঠিত হয় প্রায় ১০,০০০ বছর আগে, অর্থাৎ আনুমানিক ৮০০০ পূর্বাব্দের (BCE) কাছাকাছি। গম, যব, মটর, মসুর, ছোলা, ফাভা বিন ও তিসি এ অঞ্চলের প্রাচীন গৃহ আঙ্গিনায় চাষাবাদকৃত ফসলের মধ্যে অন্যতম। সব অঞ্চলে এ বিকাশ একই সময়ে বা একই পথে হয়নি। স্থানীয় পরিবেশ ও জলবায়ুর ওপর নির্ভর করে প্রতিটি অঞ্চলে এর রূপ আলাদা হয়েছে।
ভারতীয় উপমহাদেশে নব্যপ্রস্তর সংস্কৃতি
ভারতীয় উপমহাদেশে নব্যপ্রস্তর যুগের প্রাচীনতম পরিচিত কেন্দ্র মেহেরগড়, যা বর্তমান পাকিস্তানের বালুচিস্তানের কাচ্চি সমভূমিতে অবস্থিত। এখানে আনুমানিক ৭০০০ পূর্বাব্দ (BCE) থেকে গম-যবের চাষ এবং গরু, ভেড়া ও ছাগল পালনের প্রমাণ মিলেছে। সবচেয়ে প্রাচীন বসতির সঠিক সময় নিয়ে অবশ্য মতভেদ আছে। প্রথম পর্যায়ে (আনুমানিক ৭০০০–৫৫০০ পূর্বাব্দ) মৃৎপাত্রের ব্যবহার ছিল না। মৃৎপাত্র তৈরি শুরু হয় আনুমানিক ৫৫০০ পূর্বাব্দ (BCE) থেকে। ফরাসি প্রত্নতত্ত্ববিদ জ্যঁ-ফ্রাঁসোয়া জারিজ মনে করেন, মেহেরগড় মধ্যপ্রাচ্যের পিছিয়ে পড়া অনুকরণ নয়, এর নিজস্ব স্থানীয় ভিত্তিও ছিল। কাশ্মীরের বুর্জাহোম, বিহারের চিরান্দ এবং দক্ষিণ ভারতের হাল্লুর ও পাইয়ামপল্লি ভারতীয় উপমহাদেশের অন্যান্য উল্লেখযোগ্য নব্যপ্রস্তর যুগীয় সংস্কৃতির স্থান।

বাংলাদেশের প্রাগৈতিহাসিক নিদর্শন
বাংলাদেশে প্রাগৈতিহাসিক তথা নব্যপ্রস্তর যুগীয় সংস্কৃতির নিদর্শন তুলনামূলক কম ও বিক্ষিপ্ত, আর বড় আকারের পদ্ধতিগত অনুসন্ধানও সীমিত। কুমিল্লার লালমাই-ময়নামতি, চট্টগ্রামের সীতাকুণ্ড, ফেনীর ছাগলনাইয়া, নরসিংদীর উয়ারী-বটেশ্বর এবং হবিগঞ্জের চাকলাপুঞ্জি থেকে প্রাগৈতিহাসিক তথা নব্যপ্রস্তর যুগীয় হাতিয়ারের খবর পাওয়া গেছে। গবেষকেরা এসব নিদর্শনকে উচ্চভূমি ধরে প্রাচীন মানুষের চলাচলের ইঙ্গিত বলে মনে করেন। তবে সব নিদর্শনকে নব্যপ্রস্তর যুগের বলা যায় না। হাতিয়ারের গড়ন, প্রাপ্তির প্রেক্ষাপট ও কালনির্ধারণের ভিত্তিতে প্রতিটির সাংস্কৃতিক পরিচয় আলাদাভাবে যাচাই করতে হয়।

লালমাই-ময়নামতি পাহাড়: প্রাগৈতিহাসিক সাক্ষ্য
লালমাই-ময়নামতি পাহাড় কুমিল্লা শহরের পশ্চিমে অবস্থিত একটি বিচ্ছিন্ন পাহাড়ি এলাকা। এর উত্তর অংশ ময়নামতি এবং দক্ষিণ অংশ লালমাই নামে পরিচিত। জীবাশ্ম কাঠের টুকরো দক্ষিণ অংশের লালমাইয়ে বেশি পাওয়া যায়। জানা যায় যে, ১৯৮৯ ও ১৯৯১ সালের অনুসন্ধানে এখানে ১১টি প্রাগৈতিহাসিক স্থান শনাক্ত হয় (?)। প্রাপ্ত হাতিয়ার জীবাশ্ম কাঠে তৈরি। এর মধ্যে আছে কুঠার, বাটালি, ক্ষুর, ছুরি, চাঁছনি ও ছোট ফলা (?)। বাংলাপিডিয়া অনুযায়ী, এ তালিকা নব্যপ্রস্তর শিল্পধারার ইঙ্গিত দেয়। লালমাই-১ এর ঢালে একটি ছোট খননে কিছু মৃৎপাত্রের খণ্ডও মিলেছিল বলে জানা যায় (?)। মৃৎপাত্র নব্যপ্রস্তর সংস্কৃতির একটি বৈশিষ্ট্য, তবে এ খণ্ডগুলো খুবই ক্ষয়প্রাপ্ত ও নকশাহীন, তাই এগুলো থেকে সুনির্দিষ্ট সাংস্কৃতিক পর্যায় নির্ধারণ করা কঠিন বলে জানা যায়।

ময়নামতি জাদুঘরের হাতিয়ার
ময়নামতি জাদুঘরে সংরক্ষিত জীবাশ্ম কাঠের হাতিয়ারগুলো কুঠার ও বাটালির মতো। একপ্রান্ত সরু ও ধারালো, অন্যপ্রান্ত চওড়া, আর গায়ে কাঠের আঁশের দাগ স্পষ্ট। এগুলো দেখে বোঝা যায়, প্রাচীন মানুষ স্থানীয়ভাবে পাওয়া উপকরণের বৈশিষ্ট্য চিনত এবং তা কাজে লাগাতে জানত। জাদুঘরে এগুলোর নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। অধ্যাপক মুজাম্মেল হক চট্টগ্রাম অঞ্চলে নব্যপ্রস্তর যুগের মানুষের অস্তিত্ব আনুমানিক ৩৫০০–৪০০০ পূর্বাব্দে (BCE) বলে মত দিয়েছেন (?)। এটি একজন গবেষকের আঞ্চলিক মত। একে ময়নামতি জাদুঘরের প্রতিটি হাতিয়ারের নিশ্চিত সময় বা যুগ ধরা যাবে না। বড়জোর এগুলোকে আনুমানিক ৪০০০–১০০০ পূর্বাব্দের (BCE) কাছাকাছি সময়ের হতে পারে বলে আলোচনা করা যায় (?)। সময়টি সঠিক হলেও লেভ্যান্ট ও মেহেরগড়ের তুলনায় অনেক পরের।

লালমাই-ময়নামতির সাংস্কৃতিক তাৎপর্য
ইউনেস্কোর সম্ভাব্য বিশ্বঐতিহ্য তালিকায় থাকা লালমাই-ময়নামতি প্রাচীন সমতট জনপদের অংশ। সমতট চতুর্থ থেকে দ্বাদশ শতাব্দীর (ACE) একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক এলাকা মনে করা হয়। এখানকার বিহার, মন্দির ও স্তূপের ঐতিহ্য সুপরিচিত। তবে প্রাগৈতিহাসিক হাতিয়ারগুলো মনে করিয়ে দেয়, এ ভূখণ্ডে মানুষের উপস্থিতি এর চেয়ে অনেক প্রাচীন হতে পারে। তবে এসব হাতিয়ার থেকে এখানে পূর্ণাঙ্গ কৃষিভিত্তিক স্থায়ী গ্রাম গড়ে ওঠার সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ এখনো নেই। বাংলাপিডিয়া বলছে, বাংলায় নব্যপ্রস্তর সংস্কৃতির স্তরবদ্ধ প্রমাণের অভাবে পশ্চিমবঙ্গ ও আশপাশের কৃষিভিত্তিক তাম্র-প্রস্তর সংস্কৃতিকে এ অঞ্চলের প্রাচীনতম পরিচিত কৃষিজীবী সমাজ ধরা যায়।
যুগের অবসান
নব্যপ্রস্তর যুগের পরের ধাপ হলো তাম্র-প্রস্তর যুগ, যখন পাথরের পাশাপাশি তামার ব্যবহার শুরু হয়। পরে ব্রোঞ্জ ও অন্যান্য ধাতু উৎপাদনব্যবস্থায় নতুন পরিবর্তন আনে। এ রূপান্তর সব অঞ্চলে একই সময়ে ঘটেনি। কোথাও কৃষিসমাজ গড়ার অনেক পরে ধাতুর ব্যবহার এসেছে, কোথাও একাধিক প্রযুক্তি পাশাপাশি চলেছে।
শেষকথা
বাংলাদেশের প্রাগৈতিহাসিক ইতিহাস এখনো গবেষণার একটি উন্মুক্ত ক্ষেত্র। লালমাই পাহাড় ও ময়নামতি জাদুঘরের জীবাশ্ম কাঠের হাতিয়ার প্রাচীন মানুষের জীবনযাত্রা ও প্রযুক্তির কিছু বিচ্ছিন্ন চিত্র দেয়। এগুলোর বৈজ্ঞানিক কালনির্ধারণ, যথাযথ সংরক্ষণ ও আরও সুসংগঠিত অনুসন্ধান হলে এ অঞ্চলের অতীত সম্পর্কে আমাদের ধারণা আরও স্পষ্ট হবে।
তথ্যসূত্র :
- Borrell, F., Junno, A., & Barceló, J. A. (2015). Synchronous environmental and cultural change in the emergence of agricultural economies 10,000 years ago in the Levant. PLOS ONE.
- EPFL GraphSearch. (n.d.). Neolithic Revolution: ASPRO chronology and Natufian culture.
- Gopher, A. (n.d.). Breaking Ground: Plant Domestication in the Neolithic Levant. Tel Aviv University.
- Mehrgarh. (n.d.). Wikipedia.
- Jarrige, J.-F. (n.d.). Mehrgarh. eHRAF Archaeology, Yale University.
- RAU’s IAS. (n.d.). Neolithic Age. Compass by RAU’s IAS.
- Banglapedia. (n.d.). Lalmai. Asiatic Society of Bangladesh.
- Banglapedia. (n.d.). Agricultural Communities, Early Period. Asiatic Society of Bangladesh.
- The Daily Star. (2010). JU student discovers prehistoric archaeological signs in Chittagong.
- Siddiq, A. B. (2020). Bangladesh: A potential prehistoric corridor between South and Southeast Asia. 1st CenRaPS Conference Abstracts.
-
UNESCO World Heritage Centre. (n.d.). Archaeological sites of Lalmai-Mainamati. Tentative Lists.
✍️ লেখক : মো. শাহীন আলম
Follow Us on Our YouTube channel : GEONATCUL