ডিবির হাওরের রাজসমাধি: সিলেটে জৈন্তাপুরের ইতিহাস ও লোকশ্রুতির রহস্য

সিলেটে জৈন্তাপুরের ডিবির হাওরের পাশে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ ইটের স্থাপনা [Video Link]। ইট-সুরকির তৈরি এ প্রাচীন স্থাপনাটিকে স্থানীয়রা বলেন, এটা জৈন্তিয়ার রাজা বিজয় সিংহের সমাধি। লাল শাপলার অপরূপ সৌন্দর্যের আড়ালে এ জলাভূমি বুকে ধারণ করে আছে ইতিহাসের এক রহস্যময় অধ্যায়। তবে কে ছিলেন এ রাজা বিজয় সিংহ? কেন নির্মিত হয়েছিল এ স্থাপনা? আর সত্যিই কি এটি কোনো রাজার সমাধি?
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, একসময় এ হাওরেই এক জৈন্তিয়া রাজাকে হত্যা করা হয়েছিল। আবার অন্য একটি কাহিনিতে বলা হয়, একজন রাজা হাওরে ডুবে মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতিতেই নির্মিত হয়েছিল এ স্থাপনা। কোনো কোনো বর্ণনায় রাজা রাম সিংহের নামও উঠে আসে।
সিলেট অঞ্চলের লোকসাহিত্য ও গীতিকাতেও বিজয় সিংহের কাহিনির উল্লেখ পাওয়া যায় বলে প্রচলিত রয়েছে। তবে এসব কাহিনির ঐতিহাসিক সত্যতা এখনো নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়নি।
স্থাপত্যের দিকে তাকালে দেখা যায়, বর্গাকার পরিকল্পনায় নির্মিত স্থাপনাটি একটি উঁচু বেদির ওপর দাঁড়িয়ে আছে। এর নির্মাণে ব্যবহার করা হয়েছে পাতলা ইট ও চুন-সুরকির মসলা। দক্ষিণ দিকে রয়েছে অর্ধবৃত্তাকার খিলানযুক্ত প্রবেশপথ। দেয়ালে রয়েছে আয়তাকার ও বর্গাকার প্যানেলখচিত অলংকরণ ও কুলুঙ্গি। এর ছাদ ছিল চৌচালা আকৃতির। স্থাপনাটির নির্মাণশৈলী স্থানীয় ঐতিহাসিক স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। এ স্থাপনার ইতিহাস বুঝতে হলে জানতে হবে জৈন্তিয়া রাজ্যের কথা।
একসময় বর্তমান সিলেটের উত্তরাংশ এবং ভারতের মেঘালয়ের খাসি-জৈন্তিয়া পাহাড়জুড়ে বিস্তৃত ছিল জৈন্তিয়া রাজ্য। জৈন্তাপুর ছিল এ রাজ্যের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র। ঊনিশ শতকের প্রথম দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে রাজ্যটির সম্পর্কের অবনতি ঘটে। ১৮৩২ সালে রাজা রাম সিংহের মৃত্যুর পর রাজেন্দ্র সিংহ সিংহাসনে বসেন। তবে ১৮৩৫ সালের ১৫ মার্চ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জৈন্তিয়া রাজ্যের সমতলভূমি দখল করে নেয়। এর মধ্য দিয়ে রাজ্যটির স্বাধীন শাসনের অবসান ঘটে। তবে ডিবির হাওরের এ স্মৃতিমঠের সাথে সেই রাজবংশের সম্পর্ক ঠিক কী, তা এখনো অজানা।
স্থাপনাটি আনুমানিক ২০০ বছরের পুরোনো বলে ধারণা করা হলেও এর নির্মাণকাল বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। বর্তমানে গাছের শিকড়, আর্দ্রতা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজা বিজয় সিংহের পরিচয়, তাঁর মৃত্যুর ঘটনা কিংবা এ স্থাপনার প্রকৃত উদ্দেশ্য — সবই এখনো গবেষণার অপেক্ষায়।
ডিবির হাওরের এ রাজসমাধি তাই শুধু একটি প্রাচীন স্থাপনা নয়; এটি ইতিহাস, লোকবিশ্বাস ও হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক নীরব সাক্ষী। প্রয়োজন যথাযথ প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান, গবেষণা ও সংরক্ষণ। কারণ ইতিহাসের এ নীরব সাক্ষীগুলো হারিয়ে গেলে হারিয়ে যাবে আমাদের অতীতের অনেক অজানা অধ্যায়।
✍️ লেখক : মো. শাহীন আলম